টেকনিক্যাল দক্ষতা ও সম্মিলিত শিল্পীসত্তার জোরে ৬ ফেব্রুয়ারি সারা ভারতজুড়ে মুক্তি পাচ্ছে হিন্দি ছবি ‘জোর’ | ZORR Hindi movie


আগামী ৬ ফেব্রুয়ারি সারা ভারতজুড়ে মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত হিন্দি চলচ্চিত্র ‘জোর’ (ZORR)। ছবিটির পরিচালক গৌরব দত্ত এক বিবৃতিতে জানিয়েছেন, এই ছবির সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের অবদানই অনস্বীকার্য ও অতুলনীয়, এবং সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই এই ছবি আজ দর্শকদের সামনে পৌঁছাতে চলেছে।
পরিচালক জানান, ছবির মূল ভাবনা ও কনসেপ্ট যৌথভাবে তৈরি করেছেন গৌরব দত্ত, শেখর কাঞ্জিলাল এবং চয়ন কর্মকার। পরিচালক ও শেখর কাঞ্জিলালের যৌথ চিন্তাভাবনায় ছবির গল্প ও তার ইউনিভার্স গড়ে ওঠে, এরপর সম্পূর্ণ চিত্রনাট্য রচনা করেন শেখর কাঞ্জিলাল। ছবির ভিজ্যুয়াল ট্রিটমেন্টের দায়িত্বে ছিলেন চয়ন কর্মকার, যার দক্ষতা ও পরিশ্রমেই বড়পর্দায় ছবির ভিজ্যুয়াল ড্রামা রূপ পেয়েছে।
শুটিং চলাকালীন সময়ে শেখর কাঞ্জিলাল সর্বদা পরিচালকের পাশে থেকে কাজকে এগিয়ে নিয়ে গেছেন বলেও জানান তিনি। ছবির প্রধান সহকারী পরিচালক হিসেবে দিন-রাত পরিশ্রম করেছেন সাইম বাসীর। মেকআপ বিভাগের দায়িত্বে ছিলেন মাহী, অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন অভিশঙ্খ, ভিএফএক্স সামলেছেন তুষার। আর্ট ডিরেকশনের দায়িত্বে ছিলেন জয় দত্ত। ছবির সংগীত পরিচালনা করেছেন সৌম্য রিত, এবং আবহ সঙ্গীত করেছেন অমিত চ্যাটার্জী।

হরর-কমেডি জম্বি সারভাইভাল ঘরানার এই হিন্দি ছবির গল্প আবর্তিত হয়েছে দিল্লির একটি কর্পোরেট অফিস হাবকে ঘিরে, যেখানে আচমকাই ঘটে যাওয়া একটি জম্বি আউটব্রেক একাধিক মানুষের জীবনকে বিপদের মুখে ঠেলে দেয়। সীমিত পরিসরে আলো, ক্যামেরা মুভমেন্ট, সাউন্ড ও ভিএফএক্স-এর সমন্বয়ে তৈরি হয়েছে এক টানটান সিনেম্যাটিক অভিজ্ঞতা।
‘জোর’-এর কাস্টে রয়েছেন প্রান্তিকা দাস, জয় সেনগুপ্ত, আকাশ মাখিজা, ঋষভ চাড্ডা, শেখর কাঞ্জিলাল, রিকি তিওয়ারি সহ আরও বহু শিল্পী।

পরিচালক তাঁর বক্তব্যে দর্শকদের উদ্দেশে বলেন, প্রেক্ষাগৃহে এসে ছবিটি দেখার মাধ্যমেই এই টেকনিক্যাল ও সৃজনশীল পরিশ্রমের প্রকৃত মূল্যায়ন সম্ভব, এবং তিনি সকলের ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

















Post a Comment

Previous Post Next Post